সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৬:২০ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি কারখানার পুকুর থেকে সাইফ আহমেদ নামে এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১১টায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার সিটি লুব ওয়েল (মবিল কোম্পানির) পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইফ ব্রাহ্মনবাড়িয়ার সদরের মুন্সেফপাড়ার মৃত মির্জা সিরাজ উদ্দিনের ছেলে। তিনি (নাবিল সিকিউরিটি লিমিটেড) নামক একটি প্রতিষ্ঠানের অধীনে সোনারগাঁয়ে সিটি লুব ওয়েল কারখানার নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিয়ে সংবাদকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে সিটি লুব ওয়েল কারখানার সিকিউরিটি গার্ডরা জানান, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। পরে এলাকার স্থানীয়দের সহায়তায় কারখানায় প্রবেশ করলে ভেতরে দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি।
এই বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফেরদৌস মিয়া বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে খোঁজাখুঁজি করে কারখানার পাশে একটি পুকুর থেকে জাল দিয়ে এলাকাবাসীর সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।