নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৫:৪৭ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ১৫:৪৮ পিএম
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্কুলছাত্র রাব্বি হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘণ্টাব্যাপী অবরোধ করেছেন এলাকাবাসী। এ সময় সড়কের দুই দিকে অসংখ্য যানবাহন আটকে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকায় অবরোধ করা হয়। পরে অবরোধ শেষে হওয়ার পর হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামি সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ।
বিক্ষুব্ধরা জানান, রাব্বি নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এসময় বাড়ির পাশে রাব্বির লাশ পড়ে থাকে। পরবর্তীতে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। নয়তো আরও কঠোর আন্দোলনের হুমকি দেন বিক্ষুব্ধরা।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির হোসেন সিকদার জানান, এরই মধ্যে সাকিব নামে একজনকে আমরা আইনের আওতায় এনেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
গত বুধবার সকালে উপজেলার পূর্ব রহমতপুর এলাকার রাস্তার পাশে মো. রাব্বি হাওলাদার (১৮) নামে দশম শ্রেণির স্কুলছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহত বড় ভাই সাব্বির রহমান বাদী হয়ে বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।