বরিশাল সংবাদদাতা
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ০৯:১৪ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ১৩:৫৭ পিএম
ট্রাফিক সার্জেন্ট মো. টুটুল। ছবি : প্রবা
বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে এক চালককে পিটিয়ে আহত করায় ট্রাফিক সার্জেন্ট মো. টুটুলকে ক্লোজড করা হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ধর্মঘটের হুঁশিয়ারি দিলে বুধবার (৩০ নভেম্বর) রাতে সার্জেন্ট টুটুলকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বরিশালে আমাদের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের) সচিব আসছিলেন। তখন রাস্তা ক্লিয়ার করতে সার্জেন্ট টুটুল বাসগুলো দ্রুত সরানোর কাজ করছিলেন। এরই মধ্যে একটি বাস লাঠি দিয়ে সরানোর সময় ওই বাসের ড্রাইভারের হাতে লাঠির আঘাত লাগে।
এ নিয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হন। পরে সার্জেন্ট টুটুলকে ক্লোজড করা হয়। শ্রমিকরা লিখিত অভিযোগ দিলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন বলেন, ‘সার্জেন্ট টুটুল আমাদের এক শ্রমিককে অহেতুক মারধর করে রক্তাক্ত করেছেন।’
তিনি বলেন, ‘আরফি পরিবহনের আহত চালক আলী হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সার্জেন্ট টুটুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি।’
ফরিদ হোসেন আরও বলেন, ‘সার্জেন্ট টুটুল বিভিন্ন সময় বাসচালকদের হয়রানি করে আসছিলেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার জানিয়েছিলাম।’