টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৫:০১ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ১৫:০৩ পিএম
ধরা পড়া বিশাল আকৃতির বাঘাইড় মাছ। প্রবা ফটো
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ। সেটি পরে উন্মুক্ত বাজারে ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয় হালিম নামে এক মাছ ব্যবসায়ী মাছটি কিনেন।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী ফেরিঘাট বাজারে তোলা হয় মাছটি।
স্থানীয় মাছ ব্যবসীরা জানান, শনিবার ভোরে যমুনার নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যান। সেখানে জেলেদের জালে বিশাল আকৃতির ওই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে সকালে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসলে মাছটি দেখতে বাজারে মানুষের ভিড় জমায়। মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।
মাছ ব্যবসায়ী ও বাঘাইড় মাছ ক্রেতা হালিম বলেন, ‘গোবিন্দাসী ঘাট বাজারে জেলেরা মাছটি তুলে। পরে এটি উন্মুক্ত ডাকে ৪৮ হাজার টাকায় কেনা হয়েছে। এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করব।’
এ ব্যাপারে গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। ডাকে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।