মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ২০:২২ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫ ২০:৩৯ পিএম
বিভিন্ন সীমান্তে আটক হওয়া ভারতীয় সিগারেট ও বিড়ি পুড়িয়ে ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) শ্রীমঙ্গল-৪৬। প্রবা ফটো
বিভিন্ন সীমান্তে জব্দ করা প্রায় ৬৮ লাখ ৭৫ হাজার ২৭০টি ভারতীয় সিগারেট ও বিড়ি পুড়িয়ে ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) শ্রীমঙ্গল-৪৬। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিজিবি-৪৬ সদর দপ্তরে এসব সিগারেট ও বিড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ এস এম জাকারিয়া, সিলেট কাস্টমসের উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু, বিজিবি- ৪৬ এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
শ্রীমঙ্গল-৪৬ বিজিবি’র সূত্র জানায়, ২০২২ সালের ২১ আগস্ট হতে ২০২৪ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত ৬৮ লাখ ৪১ হাজার ৩৫টি ভারতীয় নাসির পাতার বিড়ি এবং ৩৩ হাজার ৬০০টি ভারতীয় সিগারেট জব্দ করেছিল। ধ্বংসকৃত বিড়ি এবং সিগারেটগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযানে এগুলো জব্দ করা হয়। বৃহস্পতিবার সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা ভারতীয় নাসির পাতার বিড়ির মূল্য ১ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৩৭০ টাকা এবং সিগারেট এর মূল্য ২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। বিড়ি ও সিগারেটের সর্বমোট মূল্য ১ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার ৮৭০ টাকা।
কাস্টম বিভাগের উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, ‘অবৈধভাবে আসা এসব বিড়ি ও সিগারেট দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলে। এগুলো ধ্বংস করে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করা হয়েছে।’
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘জনস্বার্থে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এ প্রসঙ্গে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং জনগণকে সচেতন হতে হবে যেন তারা কোনোভাবেই এ ধরনের কর্মকান্ডে সম্পৃক্ত না হয়।’