গাজীপুর সংবাদদাতা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ২৩:১৭ পিএম
গরম পানিতে ঝলসে যাওয়া আল আমিন।
গাজীপুরের কালিয়াকৈরে মোবাইল থেকে সেভ করা নম্বর ডিলিট করায় ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত স্বামী আলামিন মিয়ার মুখে গরম পানি ঢেলে দিয়ে পালিয়ে গেছে প্রথম স্ত্রী। এতে আলামিন মিয়ার মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আলামিন মিয়া টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার ন্যাটামশরা গ্রামের বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রি। তিনি এখন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তার প্রথম স্ত্রী মাহফুজা আক্তারের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে।
আলামিন মিয়া জানান, তিনি মাহফুজা আক্তারকে বিয়ে করেন ১১ বছর বছর আগে। তাদের সংসারে রাবেয়া ও রিয়ামনি নামে দুই মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিবাদ লেগে থাকে। এর জেরে তিন বছর আগে মাহফুজা স্বামীকে ছেড়ে চলে যায়। কিছুদিন পর আলামিন জুলেখা পারভিন নামে এক নারীর প্রেমের জড়ায়। কয়েকদিন পর জুলেখা পারভিনকে দ্বিতীয় বিয়ে করে আলামিন। এ কারণে প্রথম স্ত্রী তার দুই মেয়েসহ কালিয়াকৈরের মৌচাক এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন।
এরমধ্যে আলামিন আবার প্রথম স্ত্রী মাহফুজা আক্তারকে নিয়ে উপজেলার কালামপুর গ্রামের কাউসার আলীর বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করেন। মাহফুজা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের মধ্যে পূর্বের মতো বিভিন্ন বিষয় নিয়ে আবার বিবাদ শুরু হয়। এর জেরে মঙ্গলবার সকালে স্ত্রী মাহফুজা ঘুমন্ত স্বামী আলামিন মিয়ার মুখে গরম পানি ঢেলে দিলে তার মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
আলামিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখে। ঘটনার পর থেকে স্ত্রী মাহফুজা বাসা থেকে পালিয়ে যায়।
আলামিন মিয়া বলেন, ‘আমার প্রথম স্ত্রী মাহফুজা আক্তার বিভিন্ন ব্যক্তির সাথে মোবাইল ফোনে কথা বলতেন। এ জন্য তার মোবাইল ফোন থেকে কয়েকটি নম্বর মুছে দিয়েছিলাম। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার মুখে গরম পানি ঢেলে মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেয়।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘আমি ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া করা হবে।’