শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৫৮ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫ ১৮:০১ পিএম
বৃহস্পতিবার শেরপুর পুলিশ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করেছে। ছবি : প্রবা
শেরপুর সদর উপজেলায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাতিয়াপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মাইদুল।
অভিযানে ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপটি থেকে অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ৯ হাজার বই উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে পুলিশ জানায়, বইগুলো বিক্রির উদ্দেশে কুড়িগ্রামের রৌমারির সি জি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। বইগুলো জব্দ করা হয়েছে। চালকের দেওয়া তথ্যে এরই মধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বইগুলো বর্তমানে সদর থানায় রাখা হয়েছে।