মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ২১:১৬ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ২১:২৯ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের পিটুনিতে ইয়াসিন মিয়া নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যুর ঘটনায় ওসিসহ পাঁচ পুলিশের নামে আদালতে মামলা হয়েছে। গত রবিবার নিহতের কলেজপড়ুয়া মেয়ে মরিয়ম আক্তার বাদী হয়ে এ মামলা করেন।
তবে মামলার বিষয়টি মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে জানাজানি হয়। আদালত বিষয়টি আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেনÑ কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম, এসআই কামাল হোসেন ও মস্তোফা মিয়া, এএসআই নাহিদ হাসান, কনস্টেবল আশরাফুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামে ওসি তরিকুল ইসলামের নির্দেশনায় এসআই কামালসহ চারজন পুলিশ মাদকবিরোধী অভিযানের নামে সিএনজিচালক ইয়াসিন মিয়াকে এলোপাতাড়ি কিলঘুসি, জুতা পরিহিত পা দিয়ে গোপনাঙ্গে, বুকে, পাঁজরে লাথি ও বেধড়ক পিটিয়ে আহত করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী ও পরিবারের লোকজনের অভিযোগ, পুলিশের মারধরে ইয়াসিন মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর অভিযান পরিচালনাকারী চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
তবে পুলিশের দাবি, এক মাদক কারবারিকে ধরতে অভিযানের সময় দৌড়ে পালাতে গিয়ে অচেতন হয়ে মারা যান ওই ব্যক্তি। কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, আমিও জেনেছি নিহতের মেয়ে মরিয়ম মামলা করেছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, ইতোমধ্যে ওসি ছাড়া অপর চার পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।