কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ২১:১৫ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ২১:৩১ পিএম
পুকুর খননের অবৈধ টাকার ভাগবাটোয়ারা নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে সাতজন আহতসহ পাঁচটি বাড়ি, তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাট করা হয়। আহতদের কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ খবর পেয়ে রাতেই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাখালগাছী ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার বারবাজারের মাছ ব্যবসায়ী খোকন মিয়া চাঁনপুর গ্রামের মাঠের ৬ বিঘা জমিতে পুকুর খননের সিদ্ধান্ত নেন। এ নিয়ে প্রতিরোধ বা ঝামেলা এড়াতে তিনি এলাকার একটি প্রভাবশালী মহলের সঙ্গে হাত মিলিয়ে অবৈধ লেনদেনে চুক্তিবদ্ধ হন। বেশকিছু টাকাও লেনদেন করেন।
গত সোমবার সকালে তিনি ভেকুমেশিন দিয়ে ওই জমিতে মাটি কাটতে নেমে পড়েন। এ সময় এলাকার লোকজন বাধা দিলে প্রথমে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পুকুর খননের পক্ষে ও বিপক্ষে দুটি পক্ষ দাঁড়িয়ে যায়। এ নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় বিষয়টি নিয়ে দুপক্ষই রাতে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুসারেই মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে গ্রামের লোকজন সালিশে জড়ো হতে শুরু করে। কিন্তু বৈঠক শুরুর আগেই পুকুর খনন পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে।
এ সময় গ্রামবাসী পালিয়ে এসে তারাও সংগঠিত হয়ে পাল্টা হামলা চালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে রাত দেড়টা পর্যন্ত সংঘর্ষে চাঁনপুর গ্রামের আকরাম হোসেন, সবুজ হোসেন, রায়হান মিয়া ও সোহান হোসেনসহ দুপক্ষের ৭-৮ জন আহত হন। সংঘর্ষ চলাকালীন তিনটি মোটরসাইকেল ও ছয়টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। আহতদের রাতেই কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম তালুকদার বলেন, এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখনও কোনো পক্ষই কোনো অভিযোগ দেয়নি বলে জানান ওসি।