ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন
মেনহাজুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ২০:৫৮ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ২১:০১ পিএম
দীর্ঘ ৬ বছর পর রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে পার্বতীপুরের শ্রমিক অঙ্গনে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে অয়েল হেড ডিপো থেকে তেল সরবরাহের কাজে নিয়োজিত ৮ জেলার ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ হাজার ৭৪৯ জন শ্রমিকের নেতা নির্বাচন করতে বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সংগঠনটির পার্বতীপুরের প্রধান কার্যালয় থেকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
এ তফসিল ঘোষণায় উপস্থিত শ্রমিকরা সন্তোষ ও উল্লাস প্রকাশ করেন। রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজিজ পলাশ নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ, গণনা ও ফল প্রকাশ করা হবে। এজন্য এখন থেকেই (২২ জানুয়ারি-৮ ফেব্রুয়ারি পর্যন্ত) পর্যায়ক্রমে খসড়া ভোটার তালিকা প্রকাশ, খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ, খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি-নিষ্পত্তি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন ফরম বিক্রয়, মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ, মনোনয়নপত্র বাছাই, প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, মনোনয়নপত্রের ওপর আপত্তি ও নিষ্পত্তি, মনোনয়নপত্র প্রত্যাহার এবং চূড়ান্ত বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন বাকি ৪ জন সহকারী নির্বাচন কমিশনার পার্বতীপুর প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতা, সুধীজন, সাংবাদিকসহ সংগঠনটির কয়েক শতাধিক সদস্য ও শ্রমিক। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এবারের নির্বাচনের পর সাধারণ শ্রমিকরা তাদের প্রাণের অধিকার ফিরে পাবে এবং রাহুগ্রাস থেকে মুক্ত হবে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।