বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১৮:২৯ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ১৯:২৬ পিএম
প্রতীকী ছবি
বরিশালের বাকেরগঞ্জে জান্নাতুল ফেরদৌস নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দেলোয়ার হোসেনের কন্যা জান্নাতুল ফেরদৌস স্থানীয় আমেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
দেলোয়ার হোসেন জানান, বুধবার সকালে তার স্ত্রী বাড়ির সামনে বাগানে গিয়ে আম গাছের ডালে কন্যাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ওর গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া ছিল। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, জান্নাতুল প্রায়ই পাশের বাড়িতে টিভি দেখতে যেত। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে সে ঘরের বাইরে থাকায় তারা মনে করেন যে মেয়ে পাশের বাড়িতে টিভি দেখতে গেছে। কিন্তু গভীর রাতেও বাসায় না ফিরলে তারা অনেক খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে মেয়ের ঝুলন্ত লাশ পাওয়া যায়। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা তিনি বলতে পারছেন না।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল মেডিকেল করেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পুরো বিষয়টি জানা যাবে।’