বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১৭:৫৬ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ১৯:১৮ পিএম
ইজিবাইকের চাপায় বুধবার স্কুলশিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করেন। ছবি : প্রবা
বরিশাল নগরীতে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২২জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিএম কলেজ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি ব্রজমোহন বিএম কলেজের শিক্ষার্থীরা।
নিহত ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল মাওয়া। সে পটুয়াখালী সদর উপজেলার মো. নিজাম উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ও তার একজন সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতুলকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিএম কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে বিএম কলেজের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ সাতটি দাবি তুলে ধরেন।
বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো করা হয়েছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।’