নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১৫:৩০ পিএম
প্রতীকী ছবি
নরসিংদীর বেলাবোতে ধানক্ষেত থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের লোহাজুড়ি চর বিএম কলেজের পাশের ধানক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধ হলেন- কাঞ্চন মিয়া। তিনি জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মৃত মোতালিম মিয়ার ছেলে। পেশায় তিনি একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই বৃদ্ধকে মেরে ধানক্ষেতে ফেলে রেখেছেন বলে তাদের ধারণা। বুধবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে বেলাব থানা পুলিশে ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রযুক্তির সহযোগিতায় আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।’