× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানত বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ২২:০০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

মঙ্গলবার দুপুর ১২টা। ৬৫ জন যাত্রী এবং বৈমানিক নিয়ে নেপচুন এয়ারলাইন্সের একটি মাঝারী ধরনের উড়োজাহাজ ‘এয়ারবাস-৩২০’, যার কলসাইন নেপচুন ৪০৬। শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ২৩-এ তে পূর্ব দিক থেকে অবতরণ করে। রানওয়ে ২৩-এ তে অবতরণের পর পরই বিমানটি অপ্রত্যাশিতভাবে রানওয়ে থেকে সরে ট্যাক্সিওয়ে ব্রাভোর ২০০ ফুট দূরে কার্গো এপ্রোনের সামনে গিয়ে ছিটকে পড়ে। মুহুর্তেই উড়োজাহাজের ডান পার্শ্বের ইঞ্জিনে আগুন ধরে যায়।

চিত্রটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ অগ্নিনির্বাপণ মহড়ার। অগ্নিসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকতে প্রতি বছরের মতো এবারও মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বিমানবন্দরের রানওয়েতে মহড়ার আয়োজন করে কর্তৃপক্ষ।

মহড়ায় বেবিচক, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, র‍্যাব, এপিবিএন, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রাম, বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, এয়ার এস্ট্রা এবং নভোএয়ারসহ বিভিন্ন সংস্থা একযোগে অংশ নেয়।

মহড়ায় গিয়ে দেখা যায়, রানওয়ে আগে থেকে তৈরি করা একটি উড়োজাহাজে আগুন লাগার পরপরই কন্ট্রোল টাওয়ার বিষয়টি অবলোকন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ক্রাস এলার্ম সুইচ অন করার মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবগত করে। সেই সাথে কন্ট্রোল টাওয়ার বিমানবন্দরের ফায়ার স্টেশন, অত্র বিমানবন্দর পরিচালক, স্যাটো, সহকারী পরিচালক (ফায়ার) কে তাৎক্ষণিকভাবে অবগত করে। ইতোমধ্যে উড়োজাহাজ এর নীচ অংশ দিয়ে আগুন দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত উড়োজাহাজটিতে পুরোপুরি আগুন ধরে যায়। এরপর ফায়ার সার্ভিসসহ বিমানবন্দরের বিভিন্ন টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব নাসরীন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে নাসরীন জাহান বলেন, ‘আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নির্দেশিকা অনুযায়ী, বিমানবন্দরে কর্মরত ফায়ার ক্রুদের দক্ষতা ও পেশাগত জ্ঞান উন্নত করার পাশাপাশি সংশ্লিষ্ট অগ্নিনির্বাপক যন্ত্রপাতিগুলো অনাকাঙ্ক্ষিত দুর্যোগের সময় কার্যকরভাবে ব্যবহারের উপযোগিতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের মহড়া নির্ধারিত সময়ের মধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের আত্মবিশ্বাস জোগায় যে, যে কোনো অনভিপ্রেত পরিস্থিতিতে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে উদ্ভূত চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারব।’

বিশেষ অতিথির বক্তব্যে মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিতভাবে এমন মহড়া আয়োজন করা হয়। এই ধরনের মহড়া জরুরি মুহূর্তে বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে দ্রুততার সঙ্গে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা বিমানের অগ্নিনির্বাপণ ও যাত্রী উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করছি।

মঞ্জুর কবীর ভূঁইয়া আরও বলেন, ‘সম্প্রতি দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এই মহড়ার মাধ্যমে আমরা আমাদের প্রস্তুতিকে আরও শাণিত করার সুযোগ পাচ্ছি। যে কোন অনভিপ্রেত ঘটনার জন্য আমাদের সকলকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা