× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিসোর্টে ১৬ তরুণ-তরুণীকে আটকে বিয়ে, নেপথ্যে ‘চাঁদাবাজি’

সিলেট অফিস

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ২২:৪৩ পিএম

রিসোর্টে ১৬ তরুণ-তরুণীকে আটকে বিয়ে, নেপথ্যে ‘চাঁদাবাজি’

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি রিসোর্ট থেকে ১৬ তরুণ-তরুণীকে আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে এদের মধ্যে ৮ জনকে ঘটনাস্থলে থাকা জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলার সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুলসহ এলাকাবাসীর উদ্যোগে বিয়ে দেওয়া হয়। আর বাকিদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় রিসোর্টের একটি অংশে অগ্নিসংযোগও করা হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর রাতে ওই রিসোর্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে এমন ঘটনা ঘটে। পুলিশের জিম্মায় না দিয়ে এমন বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল বিতর্কের পাশাপাশি পুলিশও বলছে এভাবে কাউকে ধরে বিয়ে দেওয়ার কোনো আইন নেই।

জানা যায়, এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য ঘটনা। চাঁদাবাজিকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলে জানিয়েছে একাধিক সূত্র। সরকার পরিবর্তনের পর একাধিক গ্রুপ এই রিসোর্টের মালিকপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিল। তাদের কাঙ্ক্ষিত চাঁদা না পাওয়ায় এমন ঘটনা ঘটানো হয়েছে বলে জানান, রিজেন্ট পার্ক রিসোর্টের এমডি হেলাল আহমদ। তিনি এই ঘটনায় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

এ ব্যাপারে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী মেয়ের বয়স ১৮ ও ছেলের ২১ এবং তারা স্বেচ্ছায় বিয়েতে রাজি হলে এটা বিয়ে হবে।

এভাবে কাউকে ধরে জোরপূর্বক বিয়ে দেওয়া ঠিক হয়নি উল্লেখ করে তিনি বলেন, তাদের একটা ভবিষ্যৎ আছে; সে বিষয়টিও খেয়াল করা উচিত ছিল। তারা খারাপ কিছু করলে এলাকাবাসী পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে জানাতে পারতেন। কিন্তু তা না করে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকজন তরুণ-তরুণীকে আটকের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে এলাকার মুরুব্বিরা তাদের অভিভাবকদের খবর দেন। অভিভাবকের সম্মতিতে কয়েকজনের বিয়ে দেওয়া হয় বলে শুনেছি।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বলেন, কেউ অপরাধ করে থাকলে পুলিশ তাকে ধরে আনবে। আদালত বিচার করবেন। কিন্তু আটকের পর বিয়ে পড়ানোর কোনো আইন নেই।

ঘটনাস্থলে থাকা জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলার সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল বলেন, ‘অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক শুনে এলাকার প্রায় দুই হাজার মানুষ এসেছিল রিসোর্টে। আমরা চেষ্টা করেছি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ সময় সবার মতামতের ভিত্তিতে আটজনের বিয়ে এবং বাকি আটজনকে পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে রিজেন্ট পার্ক রিসোর্টের এমডি হেলাল আহমদ বলেন, ‘আমাদের রিসোর্টে পুলিশের নির্দেশনা মোতাবেক ভোটার আইডি কার্ড নিয়ে রেজিস্ট্রেশন করে বিশ্রাম নিতে দেওয়া হয়। রবিবারও ছেলে এবং মেয়েরা আলাদাভাবে বিশ্রাম নেওয়ার জন্য ভোটার আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন। হঠাৎ একদল যুবক রিসোর্টে ঢুকে ভাঙচুর-লুটপাট চালায়। তারা আসবাবপত্র অগ্নিসংযোগও করে। ম্যানেজারের রুম থেকে ছেলে-মেয়েদের ভোটার আইডি কার্ডের কপি ছিড়ে ফেলে আগুনে পুড়িয়ে দেয়। এরপর তাদের আটক করে রিসোর্টের চাবি নিয়ে নেয়। এরপর আটককৃতদের তারা বিয়ে দিয়েছেন বলে শুনেছি।

হামলায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা