ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ২০:৪৫ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ২২:৪২ পিএম
ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে ছিনতাইকারী চক্রের সদস্য মো. শান্ত গ্রেপ্তার। প্রবা ফটো
চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে ছিনতাইকারী চক্রের সদস্য মো. শান্ত গ্রেপ্তার হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার (১৯ জানুয়ারি) গভীর রাতে রায়পুর উপজেলার চরপাতা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তার শান্ত উত্তর চরপাতা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি রাতে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ থানা এলাকার চতুরা ব্রিজের উপর পুলিশ পরিচয় দিয়ে একটি অটোরিকশার পথরোধ করে। তারপর তল্লাশির নামে ওই অটোরিকশাতে থাকা নগদ ৭০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, শান্ত ও তার সঙ্গীরা পেশাদার ছিনতাইকারী। তারা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ, রায়পুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানান অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
ছিনতাইয়ের শিকার অটোরিকশাচালক সবুজ বেপারী জানান, রায়পুর বাজারে ডিম পৌঁছে দিয়ে নগদ টাকা নিয়ে চাঁদপুর সদরে ফিরছিলেন। পথে চতুরা ব্রিজের উপর পৌঁছালে পুলিশ পরিচায়দানকারী ছিনতাই চক্রের খপ্পরে পড়েন। ছিনতাইকারীরা চলে গেলে সবুজ ফরিদগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ শান্তকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ‘গ্রেপ্তার শান্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।’