রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ২০:৪৩ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ২১:০১ পিএম
মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমাকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সোমবার (২০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অনুপ কুমার চাকমা ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪-এর ৬ (২) ধারা অনুযায়ী মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ২ বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ১১ আগস্ট উপদেষ্টা হিসেবে শপথ নেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তৎকালীন চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর শূন্য হয় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদটি। এরপর পাঁচ মাসের বেশি সময় ধরে পদটি শূন্য ছিল।