নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ২০:২৬ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ২০:৩৬ পিএম
নড়াইলের লোহাগড়ায় আমাদা আদর্শ কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) কলেজ চত্বরে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। প্রধান অতিথি হিসেবে কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমাদা গ্রামের সন্তান এসএম আবুল হাসান। স্বাগত ভাষণ দেন কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খান। বিশেষ অতিথি ছিলেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা স্মারক দেওয়া হয়।
পিঠা উৎসবে সোনালি সকাল পিঠাঘর, রসের হাঁড়ি, জামাই আদর পিঠাঘর, শ্বশুরবাড়ি মধুরহাঁড়ি পিঠাঘর, রসালো, পিঠাপুলি ও ননদ-ভাবী পিঠাঘর নামে স্টল চোখে পাড়ে। নামের বাহারের মতো স্টলগুলোতেও ছিল বাহারি পিঠা। এসবের মধ্যেÑ চিতই পিঠা, কুলি পিঠা, ভাপা পিঠা, দুধকুলি, ধুপি পিঠা, হাত আনদোসা, রসপাকান, খড়েপাকান, ফুলপাকান, পদ্মপাকান, ঝুনঝুনিপাকান, ভাজা পিঠা, তকতি পিঠা, নকশা পিঠা, সিরিঞ্জ পিঠা, জজি পিঠা, আদিপাকান, আপেল পিঠা, নাড়ু পিঠা, খেজুর পিঠা, দুধরুটি, লাভ পিঠা, ডিম পিঠা, নারকেলের চিড়া, দুধচিতই, পাতা পিঠা, ফুল পিঠা, ত্রিভুজ পিঠা, গোপাল পিঠা, তারা পিঠা, পাটিসাপ্টা, পুলি পিঠা, দুধপুলি, জিলাপি পিঠা, ধনেপাতা চিতই, গোলাপ পিঠা, সেমাই পিঠাসহ অর্ধশতাধিক পিঠার সমাহার।
কলেজশিক্ষার্থীদের তৈরি দৃষ্টিনন্দন নকশা আর ভিন্ন স্বাদের হরেক রকম পিঠাপুলি সবার নজর করে। অনেকেই স্বাদ নিতে ভুলেনি। হাজারো মানুষের মিলনমেলায় পিঠা উৎসব জমজমাট হয়ে ওঠে।
অধ্যক্ষ আল ফয়সাল খান বলেন, ‘আগের দিনে গ্রামগঞ্জে হরেক রকম পিঠা তৈরি হতো। যান্ত্রিকতার জাঁতাকলে অবহমান বাংলা থেকে পিঠার আয়োজন কিছুটা হলেও কমে গেছে। বিশেষ করে, এ প্রজন্মের কাছে পিঠার আদি ঐহিত্য ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী দিনেও আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।’