ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ২০:০৬ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ২০:১৬ পিএম
ভোলার মনপুরায় একটি নোঙর পাওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মনপুরা ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত ১৩ জানুয়ারি একটি বালুর জাহাজের নোঙর পেয়ে তা বিক্রিকে কেন্দ্র করে বিএনপির নেতা ইয়াছিন ও সালাউদ্দিনের গ্রুপের মধ্যে মারামারি হয়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিলে সমাধান করে দেওয়ার কথা ছিলে। কিন্তু কয়েক দিন কেটে গেলেও সমাধানে বসা হয়নি। এর জেরে সোমবার সকালে আলম বাজারে উভয়পক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি সামছুদ্দিন চৌধুরী বাচ্চু জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির নেতা রহিম ফরাজীর নেতৃত্বে সালাউদ্দিনসহ তাদের লোকজন লাঠিসোটা, দা ও রড দিয়ে উপজেলা বিএনপির সদস্য ইয়াছিন ও তার ছেলে মামুনসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় দলীয়ভাবে সিদ্ধান্ত নেব।
উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুর রহিম জানান, বালুর জাহাজের নোঙর নেওয়াকে কেন্দ্র করে ইয়াছিন ও তার ছেলে মামুন বাহিনী নিয়ে অস্ত্র ও রড দিয়ে সালাউদ্দিন, সুজন, সাদ্দাম, রাসেল, হাসেমের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের লোকজন আহত হন। খবর পেয়ে বিএনপি নেতা রহিম ফরাজী আসেন।
মনপুরা থানার ওসি আহসান কবির জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।