নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ২০:০৫ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ২০:২২ পিএম
নোয়াখালীর সুবর্ণচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে চরমজিদ ভূঞারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাজার পাহাদার মো. জয়নাল বলেন, ‘জিরো পয়েন্টের কাইয়ুম মোটর অ্যান্ড পার্টসের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ছুটে এলেও আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মার্কেটের একটি গ্যারেজ, মুদি গোডাউন, ওষুধের দোকান, যমুনা ইলেকট্রিকের অস্থায়ী গুদামসহ অন্তত ১৮টি দোকান পুড়ে যায়।’
কাইয়ুম মোটর অ্যান্ড পার্টসের স্বত্বাধিকারী মো. ইমাম উদ্দিন জনি বলেন, ‘আমার মোটর পার্টস্ দোকানটি সুবর্ণচরের দক্ষিণ অঞ্চলের বড় দোকান। আমি মালগুলো পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি।’
মা জননী ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী কাজল বলেন, ‘এখানে বেশিরভাগ ব্যবসায়ী পাইকারি ও খুচরা মালামাল বিক্রি করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের কোটি কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের সকল ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।’
সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. নুর নবী বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয় জনগণের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। জানামতে ১৮টি দোকান পুড়েছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।’