ভোলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১৯:৪৭ পিএম
লঞ্চঘাটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হলে ইজারা বাতিল করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। রবিবার (১৯ জানুয়ারি) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘ঘাটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছেÑ এমন অভিযোগ সত্য হলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বাতিল হবে ইজারা। তিনি বলেন, ‘আমরা যতই সেতু নির্মাণ করি না কেন, নৌপরিবহনের গুরুত্ব অনেক বেশি। একসময় আমরা নৌপরিবহনের ওপর নির্ভরশীল ছিলাম। তাই বর্তমানে যারা প্রাইভেট নৌপরিবহন চালান, তাদেরকে খেয়াল রাখতে হবে যাত্রীরা যেন কোনো হয়রানির শিকার না হন।’ ঘাটে অতিরিক্ত টাকা আদায় করা হয়Ñ যাত্রীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইজারাদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে উপদেষ্টা বলেন, নৌপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে যদি অতিরিক্ত আদায় করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহণ করা হবে।
এর আগে গত ১৭ জানুয়ারি তিন দিনের সফরে ভোলায় আসেন নৌপরিবহন উপদেষ্টা। তিনি ভোলার দৌলতখান, তজুমদ্দিন, মনপুরা, চরফ্যাশন ও সদর উপজেলায় বিভিন্ন নৌঘাট পরিদর্শন করেন। এ সময় সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান প্রমুখ।