× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনা কর্মকর্তা তানজিম হত্যা

মামলার অভিযোগপত্রে ১৮ জনের নাম

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১৯:৪৪ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫ ২০:০৫ পিএম

লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন। ছবি : সংগৃহীত

লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন। ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ডাকাত প্রতিরোধে যৌথবাহিনীর অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন হত্যার ঘটনায় হওয়া মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

হত্যার প্রায় চার মাস পর তদন্ত শেষ করে রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী।

চকরিয়া আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড তদন্তে পুলিশ ১৮ জনের সম্পৃক্ততা পেয়েছে। তাদের বিরুদ্ধে রবিবার আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা। ১৮ আসামির মধ্যে ১২ আসামি কারাগারে রয়েছেন। বাকি ৬ জন পলাতক।

কোর্ট ইন্সপেক্টর আরও জানান, এ হত্যা ঘটনায় ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছিল। দুটি মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে পলাতক ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল ক্রোকি পরোয়ানা জারি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা অরূপ কুমার চৌধুরী জানান, সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ড ও ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছিল। এর মধ্যে ডাকাতির প্রস্তুতিসহ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল্লাহ আল হারুন অর রশীদ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। একইসঙ্গে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর একই আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

তিনি আরও জানান, সেনা কর্মকর্তা হত্যায় ১৭ জনের নামে মামলা হলেও তদন্তে এই হত্যাকাণ্ডে ৬ জনের সম্পৃক্ততা না পাওয়ায় অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ব্যাপক তদন্তে বের হয়ে আসে এজাহারের বাইরে থাকা আরও ৭ জনের নাম। তাদেরকে নতুনভাবে অন্তর্ভুক্ত করে সর্বমোট ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে হওয়া পৃথক মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

গত বছরের ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে সশস্ত্র ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এ সময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া দেশে তৈরি একটি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা