টারবাইন বিস্ফোরণ
নাটোর প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ২১:২২ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ২১:২৮ পিএম
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল চিনিকলের টারবাইন বিস্ফোরণে আখ মাড়াই বন্ধ হয়ে যায়। ১৬ ঘণ্টা পর শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পুনরায় মিলে আখ মাড়াই শুরু হয়। গত শুক্রবার রাত আড়াইটার দিকে চিনিকলের টারবাইন বিস্ফোরণ হয়।
তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এর আশপাশ ক্ষতবিক্ষত হয়ে যায়। দীর্ঘ সময় মিল বন্ধ থাকায় চিনিকল চত্বরে জমা পড়ে হাজার হাজার টন আখ।
চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা জানান, শুক্রবার যান্ত্রিক ত্রুটির কারণে বেলা ১১টা থেকে রাত ১টা পর্যন্ত আখ মাড়াই বন্ধ ছিল। রাত আড়াইটায় আবার টারবাইন বিস্ফোরণে আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। টারবাইন মেরামত সময়সাপেক্ষ হওয়ায় আপতত বিকল্প উপায়ে সন্ধ্যা নাগাদ আখ মাড়াই শুরু করা হয়। এদিকে খবর পেয়ে ঢাকা থেকে বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের প্রধান প্রকৌশলী মাহমুদুল হক ও প্রধান রসায়নবিদ আনিসুল আজম সকালেই ঘটনাস্থলে পৌঁছান।
প্রতিদিন দেড় হাজার টন আখ মাড়াই করে চিনিকলটি। গত ১৫ নভেম্বর চলতি মৌসুমে দুই লাখ টন আখ মাড়াই করে ১৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মাড়াই কার্যক্রম শুরু করে মিলটি।