ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৭ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ২০:৫৭ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থী বন্ধুদের গণিতভীতি দূর করতে এবং শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে আইরিশ গণিত অলিম্পিয়াড উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘গণিত হোক চিত্ত অভয়, গণিতে আসুক বিশ্বজয়’Ñ এ প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত হয় গণিত অলিম্পিয়াড।
শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম পর্বে আইরিশ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে গণিত অলিম্পিয়াড পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণির ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্বে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে ৬টি গ্রুপে ১৮ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
নির্বাচিতদের হাতে পুরস্কার ও স্মারক সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সিংড়া ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জুলফিকার আলীর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক লায়ন মো. রুহুল আমিন।
আরও বক্তব্য দেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াকিল, ডিজিএম কামরুজ্জামান, সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র সরকার, রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, রুবেল খন্দাকার, বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের মুভার্স সুবোধ কুমার ঘোষ অন্তু প্রমুখ।