ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৪ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ২০:৫৮ পিএম
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আট লাখ টাকা ছিনতাইয়ের মূল হোতা কালাম ফরাজিকে আটক করেছে র্যাব-৮। সে ভাণ্ডারিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত সাকায়েত ফরাজির ছেলে।
গত ১৮ নভেম্বর ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। কালাম ফরাজি ছিনতাইয়ের ঘটনার দিন থেকেই আত্মগোপনে ছিলেন।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে পলাতক আসামি কালাম ফরাজি নিজবাড়িতে এলে র্যাব-৮-এর ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়ার্ডন লিডার মো. জেহাদি হাসানের নেতৃত্বে দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মো. সুমন জোমাদ্দার প্রতিদিনের ন্যায় ভাণ্ডারিয়া বাজার থেকে বিকাশের দোকান বন্ধ করে দক্ষিণ-পূর্ব ভাণ্ডারিয়া বাড়িতে পৌঁছামাত্র ওঁৎ পেতে থাকা ৪-৫ জনের একদল দুর্বৃত্ত সুমনকে লক্ষ্য করে তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি একজনকে জাপটে ধরায় অন্য ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সুমনের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করে। আটককৃতরা হলেনÑ পৌরসভার ৫নং ওয়ার্ডের রাব্বি হাওলাদার ও তায়েব হাওলাদার। পরে রাব্বি হাওলাদারের কললিস্ট চেক করে ছিনতাইয়ের মূল হোতা কালাম ফরাজির নাম সামনে আসে।
মামলার তদন্ত কর্মকর্তা মো. নাজির হোসেন জানান, ছিনতাইকালে রাব্বি হাওলাদার আটক হলে তার কললিস্ট পর্যালোচনা করে এ ঘটনায় কালাম ফরাজির সম্পৃক্ততা পাওয়া যায়। র্যাব-৮ তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে।