ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৯:৩৭ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ১৯:৪১ পিএম
বিক্ষোভ সমাবেশে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। প্রবা ফটো
ফেনীর দাগনভূঞা-সোনাগাজী উপজেলা ও পৌরসভা বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীদের একাংশ।
শনিবার (১৮ জানুয়ারি) ফেনী শহরের গ্র্যান্ড ট্রাংক রোড অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।
এ সময় প্রায় দেড় ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকায় চালক ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর নির্দেশে ও ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ক্ষমতা অপব্যবহার করে এ কমিটি দিয়েছেন। এ কমিটি ভূয়া। টাকার বিনিময়ে এ কমিটি দিয়েছেন। কমিটি দেওয়ার সময় আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের মূল্যায়ণ করা হয়নি।
আলাউদ্দিন আলাল জানান, সাংগঠনিক টিমের নির্দেশে এ কমিটি স্বাক্ষর করা হয়েছে। এটি আমার একক কোন নির্দেশে হয়নি।
এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু।
সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলনের সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক রিপন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুর রহমান রতন, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল হাসেম বাহাদুর, দাগনভূঞা পৌর বিএনপির সাবেক সভাপতি সাইফুর রহমান স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে গত ২২ ডিসেম্বর ফেনী জেলা বিএনপির সদস্য সচিব
আলাউদ্দিন আলালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।