খুলনা অফিস
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫৪ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ১৯:০৮ পিএম
খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন (বাম থেকে দ্বিতীয়)। প্রবা ফটো
সুন্দরবনের দস্যুরা যতই শক্তিশালী ও প্রভাবশালী হোক না কেন, দস্যু নির্মূলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কয়রা থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, ‘উপকুলীয় সুন্দরবন এলাকায় আবারও বনদস্যুদের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা নিরাপদ করতে পুলিশ কাজ করছে। সুন্দরবনের দস্যু কার্যক্রমে জড়িতরা যতই শক্তিশালী ও প্রভাবশালী হোক না কেন, দস্যু নির্মূলে কাউকে ছাড় দেওয়া হবে না। সকলকে আইনের আওতায় আনা হবে। একই সাথে মাদক, ইভিটিজিং ও চোরা কারবারিদের বিরুদ্ধেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘কোন সাধারণ মানুষ সেবা নিতে এসে পুলিশ দ্বারা হয়রানির শিকার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের জন্য আমার দরজা সব সময় খোলা।’
এ মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম ইমদাদুল হক।
এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্ববায়ক বীর মুক্তিযোদ্ধা জি.এম মাওলা বকস, কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা বিএনপির যু্গ্ম-আহ্বায়ক এম.এ হাসান, বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী প্রমুখ।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল
সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।