কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৮:০৭ পিএম
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমাদের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করতে হবে। স্বৈরাচার-ফ্যাসিস্ট ফিরে এসে সংসদে যেন আসন নিতে না পারে। যারা মানুষ খুন করেছে, যারা বিচারবহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে- তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে, কোনো রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে সে বিষয়ে সুপারিশ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লা বার্ডের ময়নামতি মিলনায়তনে কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এএইচকে স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কার্যপত্রটি প্রণয়ন ও উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য, হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীব মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
সেমিনারে আরও বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
কারিগরি মতামত প্রদান করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহসভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোতালেব হোসেন মজুমদার।