× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে ট্রেনের যাত্রা বিরতি দাবিতে লাল কাপড় টানিয়ে অবরোধ

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩১ পিএম

পঞ্চগড়ে রেললাইনে লাল কাপড় টানিয়ে অবরোধ করেছেন স্থানীয়রা। প্রবা ফটো

পঞ্চগড়ে রেললাইনে লাল কাপড় টানিয়ে অবরোধ করেছেন স্থানীয়রা। প্রবা ফটো

পঞ্চগড়ের আটোয়ারী-বোদা কিসমত রেলস্টেশনে ‘দ্রুতযান একপ্রেস’ ট্রেনের যাত্রা বিরতি দাবিতে লাল কাপড় টানিয়ে অবরোধ করেছেন স্থানীয়রা। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে সোয়া ৮টা পর্যন্ত রেললাইন অবরোধ করে রাখেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

এ সময় সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনটি স্টেশনে আটকা পড়ে যায়। পরে অবরোধ তুলে নিয়ে গন্তব্যর উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর এ ট্রেনটি।

স্থানীয়দের অভিযোগ, বোদা ও উপজেলার মানুষের জন্য ঢাকাসহ অন্যান্য জায়গায় যেতে সুবিধাজনক রেলস্টেশন কিসমত। এ স্টেশনে দীর্ঘদিন ধরে ‘দ্রুতযান একপ্রেস’ ট্রেনটির বিরতি ছিল। কিন্তু রবিবার (১৯ জানুয়ারি) থেকে এ স্টেশনে ট্রেনটির যাত্রা বিরতি প্রত্যাহার করায় স্থানীয়রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাই তারা এ অবরোধ করেন। এতে শতাধিক মানুষ অংশ নেন।

স্থানীয় আবু হাসান বাবু বলেন, ‘এ স্টেশনটিতে ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন জায়গার যাত্রী যাতায়াত করে। তাই ট্রেনটির যাত্রা বিরতি প্রত্যাহার নয়, নিয়মিত যেন চালু রাখা হয়- সে দাবিতে এলাকাবাসী অবরোধ করেছেন। অবরোধের খবর শুনে ইউএনও স্যার ও পুলিশ এসে কথা বলেন। আমাদের দাবির কথা শুনেন। তারা বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন এমন আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।’

কিসমত রেলস্টেশন মাস্টার বজলুর রহমান বলেন, “এ স্টেশনে ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনটির দুই মিনিট বিরতি ছিল। এটা সরকার প্রত্যাহার করায় স্থানীয়রা সকালে যাত্রাবিরতির দাবিতে রেলস্টেশন অবরোধ করে।”

তিনি জানান, এ ট্রেনটির টিকেট খুবই কম বিক্রি হয় এ স্টেশনে।

আটোয়ারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, ‘অবরোধের তথ্য জেনে সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের যে বক্তব্য, তা প্রতিবাদলিপি আকারে আমাকে দিতে বলেছি। এটা পেলে ডিসি স্যারের কাছে দিব। তিনি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন।’

স্টেশনটিতে দ্রুতযান একপ্রেস, একতা এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, উত্তরবঙ্গ মেইল, পঞ্চগড় কমিউটার, কাঞ্চন কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করছে। দুই উপজেলার একমাত্র রেলওয়ে স্টেশন হওয়ায় এ এলাকায় এটি মানুষের কাছে বেশ জনপ্রিয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা