রাজশাহী অফিস
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৪ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৬ পিএম
জুলাই বিপ্লবের মাধ্যমে জোর করে চাপানো গোলামী থেকে জাতি মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের আয়োজন করে রাজশাহী জেলা ও মহানগর জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী।
কর্মী সম্মেলন থেকে দেশে কুরআনের আইন বাস্তবায়ন চেয়ে জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘আল্লাহর শক্তিতে বলিয়ান একটি জাতি তৈরি করতে চাই।’
পুলিশকে মুগুর বাহিনী উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে নিহতদের স্তুপ করে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়েছে। যারা রক্ত দিয়ে আমাদের এই পরিবেশ দিয়ে গেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ও ঋণী। অন্যায়ের প্রতিবাদ যারা করেছেন এমন অসংখ্য ভাই-বোনদের হত্যা ও গুমসহ আহত করা হয়েছে। ব্যবসা ও চাকরি কেড়ে নেওয়া হয়েছে।’
আমীর মনে করেন ৫ আগস্টের পর রাজশাহীতে চাঁদাবাজি বন্ধ হয়েছে। তবে মাঠে উপস্থিত দলটির নেতাকর্মীরা জানান, রাজশাহীতে চাঁদাবাজি এখনও চলছে। এ সময় আমীর বলেন, ‘জালিমদের জেনে রাখা উচিত আমাদের যুদ্ধ শেষ হয়নি। অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ চাইলে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমীর মজিবুর রহমান। তিনি বলেন, ‘আল-কুরআনের জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে চাই। জালেম পালিয়েছে, জুলুম থেকে গেছে। জুলম তাড়াতে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা আল্লাহর গোলামী করতে চাই, মানুষের গোলামী করতে চাই না। মানুষ কি এত নিকৃষ্ট যে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন পালন করতে চাইবে।’