মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ২১:১৪ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ২১:৩৬ পিএম
মেহেরপুর উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের অষ্টম দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এবং বিএনপির কয়েকটি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাধার মুখে অনুষ্ঠানটি পণ্ড হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার সময় পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী উদীচীর জেলা সংসদের সদস্যরা জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হন।
অপরদিকে সকাল থেকেই জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজমল হোসেন মিন্টু ও যুবদল নেতা মশিউল আলম দিপুর নেতৃত্বে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের ১৪-১৫ জন নেতাকর্মী সম্মেলনস্থলে উপস্থিত হন। তারা যেকোনো মূল্যে উদীচীর সম্মেলন প্রতিহত করার ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় মেহেরপুর সদর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে যায়।
যুবদল নেতা মশিউল আলম দিপু বলেন, ‘উদীচী সংগঠনটি ইতঃপূর্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদের দ্বারা পরিচালিত হয়েছে। এজন্য শিল্পকলা একাডেমিতে উদীচীর অনুষ্ঠানটি আমরা প্রতিহত করেছি। ভবিষ্যতেও মেহেরপুর জেলার কোথাও উদীচী কোনো অনুষ্ঠান করতে গেলে সেটাও যেকোনো মূল্যে প্রতিহত করব।’
জাসাস জেলা সদস্য সচিব বাকা বিল্লাহ বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন দল ও সংগঠনের ওপর ভর করে চলেছে। উদীচী এমনই একটি সংগঠন। সব সময় আওয়ামী পৃষ্ঠপোষকতায় চলার পর এখন যদি তারা বলে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই, সেটা মেনে নেব না।’
উদীচীর জেলা সংসদের সদস্য সচিব মিজানুর রহমান বলেন, ‘এখানে যারা নেতা সেজে অনুষ্ঠান বন্ধ করছেন, ৫ আগস্টের আগে তাদের চেহারাও দেখা যেত না। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই উদীচী তাদের পাশে থেকেছে। গণঅভ্যুত্থানে উদীচী সদস্যদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। মূল ঘটনা হলো বিএনপির একটি পক্ষের শীর্ষস্থানীয় এক নেতার ইন্ধনেই অনুষ্ঠান পণ্ড করার অপচেষ্টা চালিয়েছে।’
সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে যাই। উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা ছিল। এজন্য পুলিশ সুপার ও জেলা প্রশাসকের পরামর্শে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।’