লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১৯:৫৪ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ১৯:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সী পাড়া সীমান্তের শূন্য রেখায় আন্তর্জাতিক সীমান্ত আইনলঙ্ঘন করে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয়দের কড়া প্রতিবাদে কাজ বন্ধ রেখে পিছু হটে তারা। এবার সেই কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে রেখেছে বিএসএফ।
বিজিবি ও স্থানীয়রা জানান, ১০ জানুয়ারি বিজিবিকে না জানিয়ে দহগ্রাম মুন্সিপাড়া সীমান্তের শূন্যরেখার প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে একলাইনের কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করে বিএসএফ। পরদিন বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তারা কাজ বন্ধ রাখে। কিন্তু তার আগেই প্রায় ২৫০ মিটার বেড়া স্থাপন সেখানে হয়ে যায়।
পরে দুই সীমান্তের সেক্টর কমান্ডার পর্যায়ের মধ্যে একটি স্পট মিটিং হয়। মিটিং এ বিজিবির পক্ষ থেকে সেই বেড়া সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হলেও বিএসএফ তা করেনি। বরং উল্টো ১৫ জানুয়ারি সকালে সেখানে সেই বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে রেখে দেয়।
তবে কি কারণে সীমান্তের কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে রাখা হয়েছে তা বিএসএফ জানায়নি বলে বিজিবি জানায়।
দহগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন প্রধান জানান, দহগ্রামের চারপাশে কাঁটাতারের বেড়া দিতে তৎপর হয়েছে ভারত। এর আগে তারা এরকম বেড়া দেয়নি কিন্তু ইদানিং তারা কোনো জায়গা বাদ দিতেছেনা। বিএসএফ বুঝাচ্ছে যে, এটি ক্যাটেল বেড়া, এটা কাঁটাতারের বেড়া নয়; যাতে করে এদিকের গরু-ছাগল ওইদিকের জমিতে না আসতে পারে, তারা এইরকম বুঝাচ্ছে।
প্রায় ২০০ মিটারের তিন বিঘা করিডোর দিয়ে মুল ভূখণ্ডে যাতায়াত করেন দহগ্রামের বাসিন্দারা। বর্তমানে দহগ্রামের বাসিন্দা প্রায় ২২ হাজার। কৃষিকাজই জীবিকার একমাত্র উৎস তাদের।
দহগ্রামের কৃষক ফজলুল জানান, বিগত সরকার যখন থেকে পালিয়ে গেল তখন থেকে আমরা খুব কষ্টে আছি। তিন বিঘা করিডোর দিয়ে হাট-বাজার করতে পারছি না।আমরা স্বাধীন ভূ-খণ্ডের নাগরিক, স্বাধীনভাবে বাঁচতে চাই। এ রকম আতঙ্কে থাকতে চাই না।
একই এলাকার হাবিবুর রহমান বলেন, ‘আমাদের গরু আমরা পালতে পারছি না। গরু মাঠে নিয়ে আসতে গেলে বিএসএফরা মারধর করে খুব নির্যাতন করে।’
এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু বলেন, ‘বিএসএফ কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ বন্ধ রেখেছে। তবে বেড়ায় কাচের বোতল ঝুলিয়ে রাখার বিষয়ে জানতে চাইলে তারা এখনো কোনো জবাব দেয়নি।’