পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১৮:৫৫ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ১৯:০৩ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুয়া ডিবি পুলিশ সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় করতোয়া সেতুর পশ্চিম পাড়ে এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে।
এ সময় ভুক্তভোগী ও ফরিদপুর থেকে ব্যবসায়িক কাজে আসা খন্দকার অহিদুর রহমান ও তার ছেলে খন্দকার রিফাত রহমানকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ডিবি পরিচয় দেওয়া আটক দুই ব্যক্তি হলেনÑ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর এলাকার নুর আলমের ছেলে রেজাউল ইসলাম ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী এলাকার আজিজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম।
ভুক্তভোগী দুজন বলেন, ফরিদপুর সদরের কানাইপুর বাজারে তাদের ওয়ার্কশপ আছে। যেখানে জুট মিলের পুরোনো যন্ত্রাংশ নিয়ে সেগুলো মেরামত করে পুনরায় বিক্রি করা হয়। ঠাকুরগাঁওয়ে নিরাব আলী নামে এক ব্যক্তি জুট মিলের পুরোনো যন্ত্রাংশ বিক্রি হবে জানিয়ে অহিদুর রহমানকে ঠাকুরগাঁওয়ে আসতে বলেন। পরে অহিদুর ও তার ছেলে রিফাত গত মঙ্গলবার ঠাকুরগাঁও এসে একটি আবাসিক হোটেলে ওঠেন।
আসার পর তাদের বলা হয় যিনি যন্ত্রাংশ বেচবেন তিনি ঢাকায় গেছেন। তাই গতকাল পর্যন্ত তাদের অপেক্ষা করতে বলা হয়। এই কথা শুনে হোটেলে নিজেদের জিনিসপত্র রেখে তারা ফরিদপুরে ফিরে যান। গত বৃহস্পতিবার ফরিদপুর থেকে রওনা হয়ে গতকাল সকাল ৭টায় ঠাকুরগাঁও আসেন বাবা-ছেলে। এরপর প্রথমে হোটেলে কিছুক্ষণের জন্য গিয়ে পরে নিরাব আলীর সঙ্গে বের হন পুরোনো যন্ত্রাংশ দেখবেন বলে। ঠাকুরগাঁও বাইপাস সড়ক হয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে চার ব্যক্তি পুলিশ পরিচয়ে তাদের পথরোধ করে। এরপর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫ লাখ টাকা নেওয়ার পর বাবা-ছেলেকে হ্যান্ডকাফ পরায়। এ সময় তাদের দুটি স্মার্টফোনও নিয়ে নেয় প্রতারক চক্র। পরে হ্যান্ডকাফ খুলে দুটি মোটরসাইকেলে তাদের তুলে নেয় থানায় নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু থানায় না নিয়ে ভিন্ন স্থানে নিয়ে গিয়ে বাবা-ছেলের হাতে ডলার ও ইয়াবা ধরিয়ে দিয়ে ছবি তুলে তারা। পরে কোথাও অভিযোগ না দেওয়ার শর্তে মোটরসাইকেলে তাদের দেবীগঞ্জে নামিয়ে দিয়ে আসে।
কিন্তু দেবীগঞ্জে নামিয়ে দেওয়ার সময় অহিদুরের ছেলে রিফাত কৌশলে একটি মোটরসাইকেলের চাবি কেড়ে নিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় দুজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাদের আটক করে পুলিশকে খবর দেয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেহেতু ঠাকুরগাঁওয়ের ঘটনা তাই সেখানে মামলা হবে। আমরা সেখানে কথা বলেছি।’