মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১৮:৫৪ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ১৯:০৪ পিএম
মোরেলগঞ্জে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও বিভক্তি বাড়ছে। গ্রুপিংয়ের কারণে কোনো কোনো অংশ নিজের লেজ ভারী করতে ‘হঠাৎ বিএনপির’ লোকজনকে ভোটার ও প্রার্থী করছেন।
আবার কেউ নৌকায় চড়ে বসা লোকদের ভোটার করছেন কাউন্সিলে পদ টিকিয়ে রাখার জন্য। এসবের কারণে ইতোমধ্যে সংক্ষুব্ধ নেতাকর্মীরা গণমাধ্যমে প্রকাশ্যে অভিযোগ তুলে ধরছেন। সংবাদ সম্মেলনও করেছেন কোনো কোনো নেতা। আবার প্রকাশ্যে প্রতিবাদ ও বিক্ষোভও করেছেন ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে প্রেস ব্রিফিং করে সভাপতির পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন খাউলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি নেতা মো. আবুল হোসেন হাওলাদার। তার অভিযোগ ওই ইউনিয়নে বিএনপি থেকে বহিষ্কৃত এক নেতার নির্দেশনায় ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী দোসরদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর আগের দিন বৃহস্পতিবার অনিয়মের অভিযোগ তুলে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ২নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য মো. মইন হাওলাদার সরোয়ার। খাউলিয়া ইউনিয়নে দুটি পক্ষ মারমুখী অবস্থানে রয়েছে।
গত মঙ্গলবার পুঁটিখালী ইউনিয়নের মঙ্গলেরহাটে বিক্ষোভ সমাবেশ করেছেন ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী। কর্মীদের চাপে ওই ইউনিয়নের ভোট স্থগিত করা হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সব ইউনিয়নে কমিটি গঠন চলছে। বড় দল হিসেবে কিছু ঝামেলা ও অভিযোগ থাকবে, সাংগঠনিকভাবে এসবের দ্রুত সমাধান করা হবে।