× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসা কর্মকর্তারা অনুপস্থিত, রোগী দেখেন উপসহকারী

এম এ এহসান রিয়াজ, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর)

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৫ পিএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশিরভাগ চিকিৎসা কর্মকর্তাই অনুপস্থিত থাকেন। তাই রোগীদের চিকিৎসাসেবা নিতে হচ্ছে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার কাছ থেকে। সম্প্রতি তোলা। প্রবা ফটো

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশিরভাগ চিকিৎসা কর্মকর্তাই অনুপস্থিত থাকেন। তাই রোগীদের চিকিৎসাসেবা নিতে হচ্ছে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার কাছ থেকে। সম্প্রতি তোলা। প্রবা ফটো

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তিন লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বেশিরভাগ অসহায় ও গরিব রোগী এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিয়ে থাকে। শীতকালীন ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে শিশুসহ নারী-পুরুষের ভিড় দেখা যায় হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে। কিন্তু হাসপাতালের বেশিরভাগ চিকিৎসা কর্মকর্তা (এমবিবিএস) অনুপস্থিত থাকায় বাধ্য হয়ে চিকিৎসাসেবা নিতে হচ্ছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের (সেকমো) কাছ থেকে। এতে রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে তাদের।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে এমন চিত্র চোখে পড়ে। এ অবস্থায় চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চিকিৎসা কর্মকর্তাদের (এমবিবিএস) ব্যাপারে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এ সময় আসমা নামের এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডাক্তার হাসপাতালে নেই। কিন্তু প্রাইভেট চেম্বারে গেলে ঠিকই পাওয়া যাবে।’

হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১০ জন চিকিৎসা কর্মকর্তা ও পাঁচজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা কর্মরত আছেন। এর মধ্যে তিনজন চিকিৎসা কর্মকর্তা ছুটিতে আছেন। আর দুজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সাব-সেন্টার এবং তিনজন হাসপাতালে চিকিৎসাসেবা দিচ্ছেন।

হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগ ও উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার কক্ষের সামনে রোগীদের অনেক ভিড়। তাদের চিকিৎসাসেবা দিচ্ছেন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ডা. রাশেদ, ডা. দাউদ সিদ্দিকী ও ডা. সাইফুল ইসলাম।

অন্যদিকে চিকিৎসা কর্মকর্তাদের বহির্বিভাগে উপস্থিত হয়ে দেখা যায়, চিকিৎসা কর্মকর্তা ডা. একরামুল হক, ডা. ফাতেমাতুজ যাহরা, ডা. নিকেশ মজুমদার, ডা. ইয়াসমিন খান, ডা. প্রিন্স দাস, ডা. আতা রাব্বিসহ রোগী দেখার কক্ষগুলাতে তাদের উপস্থিতি নেই। কোনো কক্ষ তালাবদ্ধ, আবার কোনোটির দরজা খোলা রেখে তাদের সহকারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

ডাক্তার কোথায়Ñ জানতে চাইলে ডা. প্রিন্স দাসের সহকারী মো. রুবেল বলেন, ‘স্যার (ডা. প্রিন্স দাস) স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে মিটিংয়ে আছেন।’ তবে তাৎক্ষণিক স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে গিয়ে এই দাবির সত্যতা পাওয়া যায়নি। অভিযোগ রয়েছেÑ চিকিৎসকরা হাসপাতালে রোগী না দেখে অন কলে ডায়াগনস্টিক ও ল্যাবে গিয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন। 

মরিয়ম নামের এক রোগী বলেন, ‘কয়েক দিন আগে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসা নিতে হাসপাতালে ডা. একরামুল হকের কক্ষে গেলে তা বন্ধ পাই। পরে ল্যাবের একজনের পরামর্শে দেশ মা মাটি নামের একটি ল্যাবে যাই। পরে ল্যাব কর্তৃপক্ষ ফোন করলে চিকিৎসক একরামুল হক ল্যাবে আসেন এবং নির্ধারিত ফি নিয়ে চিকিৎসাসেবা দেন তিনি।’ 

হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা নূরজাহান বেগম, জান্নাত বেগম, লাইজু বেগমসহ বেশ কয়েকজন বলেন, ‘সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে এসে প্রাইভেট চেম্বারে গিয়ে দেখাতে হয়েছে। ডাক্তাররা হাসপাতালে রোগী না দেখে প্রাইভেট ক্লিনিকে গিয়ে রোগী দেখেন। এতে টেস্ট আর ভিজিটের টাকাসহ মোটা অঙ্কের টাকা খরচ হয়। পরে ওষুধ কেনার আর টাকা থাকে না আমাদের কাছে।’

এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মীর আমিনুল ইসলাম মঞ্জু বলেন, ‘ডা. একরাম অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় রোগী দেখার সময় পান কম। অন্যরাও হাসপাতালে রোগী দেখছেন। তারপরও খোঁজ নিয়ে কোনো সমস্যা থাকলে তা দেখব।’

কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, ‘আমি নতুন যোগ দিয়েছি। চিকিৎসকরা সবাই হাসপাতালে চিকিৎসাসেবা দিচ্ছেন জানি। তারপরও এ ব্যাপারে খোঁজ নেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা