লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৩২ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪৬ পিএম
প্রতীকী ছবি।
লক্ষ্মীপুরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ধানবাহী ট্রাকচাপায় ফয়সাল হোসেন (৩০) নামে এনজিওর এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে ও এনজিও সংস্থা ব্র্যাকের কমলনগর চরকাদিরা ইউনিয়নের শাখার কর্মকর্তা ছিলেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে কর্মস্থল থেকে ফয়সাল বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থল পৌঁছালে একটি ধানবাহী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ট্রাকের নিচেই পড়ে ছিল তার মরদেহ। মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত ফয়সালের বন্ধু আবুল হাসান সোহেল বলেন, ‘কাজ শেষে ফয়সাল বাড়ি ফিরছিলেন। পথেই ট্রাকচাপায় তার মৃত্যু হয়। পরিবারের লোকজনসহ আমরা ঘটনাস্থলে এসেছি। এটি ভয়ানক দুর্ঘটনা ছিল।’
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'