× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ মাস ধরে বিদ্যাল‌য়ে অনুপস্থিত, তুলছেন নিয়মিত বেতন-ভাতা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ২২:৪৫ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ২২:৪৭ পিএম

পাঁচ মাস ধরে বিদ্যাল‌য়ে অনুপস্থিত, তুলছেন নিয়মিত বেতন-ভাতা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন খান জুলাই অভ্যুত্থানের পর থেকে পাঁচ মাসেরও বেশি সময় ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তার পরও নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন খান ২০১০ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। এর পর প্রতিষ্ঠানটিকে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত করেন তিনি। ১৩ বছরের চাকরিকালে তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের দেওয়া বেতন, পরীক্ষার ফি, টিউশন ফি, মোবাইল ফোনের টাওয়ার ভাড়া, ২৯টি স্টল ভাড়া এবং মোটা অঙ্কের বিনিময়ে প্রতিষ্ঠানসংলগ্ন বসবাসকারীদের প্রতিষ্ঠানের জমি ছেড়ে দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। বিজ্ঞানাগার, শহীদ মিনার, পুকুর খনন ও আইসিটি ল্যাবসহ বিভিন্ন খাতে লাখ লাখ টাকা বরাদ্দ করে আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটিকে তিনি আওয়ামী লীগ অফিস হিসেবে ব্যবহার করতেন। গত ৫ আগস্ট দুপুর পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ লাঠিসোটা নিয়ে মিরুখালী বাজারে বিরোধী দল দমনে মহড়া দেওয়ার অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে দেয়াল লিখন করলে আলমগীর হোসেন খান ওই শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেন। এমনকি শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।

মো. বেলাল হোসেন নামের একজন অভিভাবক বলেন, স্কুলে এখনও সরকারি বই বিতরণের সময় সেশনচার্জের নামে টাকা নেওয়া হয়। আলমগীর হোসেন খানের দুর্নীতি ও অনিয়মের তদন্ত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদনকারী গোলাম কিবরিয়া বাচ্চু বলেন, আবেদনের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর দুই মাস কেটে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ফ্যাসিবাদের দোসর আলমগীর হোসেন খানকে পুনর্বাসনের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক মৃধা তাকে বেতন-ভাতা দিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। 

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, সাবেক মিরুখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান খোকন বলেন, ফ্যাসিবাদের দোসর আলমগীর হোসেন খান এবং তার দোসররা প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে দিয়েছেন। তাকে আবার পুনর্বাসন করা হলে আমরা মেনে নেব না। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হক মৃধা বলেন, কারও অনুপস্থিতিতে চার মাস বেতন দেওয়া যায়। আর প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে বেতন-ভাতা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে আমার কোনো হাত নেই। বই বিতরণের সময় সেশনচার্জ ছাড়া আর কোনো টাকা নেওয়া হচ্ছে না। 

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আলমগীর হোসেন খানকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম বলেন, অনুপস্থিত প্রধান শিক্ষক আলমগীর হোসেন খানের বিরুদ্ধে করা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। তার বেতন বন্ধ করা না করা নির্ভর করে অধিদপ্তরের ওপর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা