সাতক্ষীরা ও জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৭:৪২ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:৩২ পিএম
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার ভোমরা সীমান্তের পর জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত পিলারের কাছেও ফাঁকা গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৩ জানুয়ারি) ভোরে ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা শিবতলা এবং পাঁচবিবি ভুঁইডোবা সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. মাসুদ রানা এবং জয়পুরহাট ব্যাটালিয়নের কয়া বিওপির নায়েব সুবেদার নাঈমুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মো. মাসুদ রানা বলেন, ‘আমরা গুলির শব্দ শুনেছি। তবে রাতের আঁধারে সন্দেহজনক পরিস্থিতিতে মাঝেমধ্যেই বিএসএফ এ ধরনের ফাঁকা গুলি চালায়। এতে সীমান্ত পরিস্থিতিতে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই।’
নায়েব সুবেদার নাঈমুল ইসলাম বলেন, ‘খুব সকালে সীমান্তের ২৮২ নম্বর মেইন পিলারের ৪৩ নম্বর সাব পিলার এলাকায় গুলির শব্দ শোনা যায়। ওই এলাকার শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে বিএসএফের টহলদল এক রাউন্ড গুলি ছুঁড়েছে। এতে কোনো হতাহত ও ক্ষতির ঘটনা ঘটেনি।’
তিনি আরও বলেন, ‘গুলির বিষয়টি বিএসএফ আমাদের কাছে স্বীকার করেছে। তারা বলেছে, চোরা-কারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। এখন চোরা-কারবারিরা তাদের দেশের না কি আমাদের দেশের তা জানা যায়নি। গুলির পর চোরাকারবারিরা কিছু ফেলে গিয়েছে কি না তা আমরা জানি না। এ ঘটনায় সীমান্তে কোনো সমস্যা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।‘