ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ২১:১৭ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ২১:৪৬ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিকাশের দোকান থেকে দুর্বৃত্তরা ১০ লাখ ৩৫ হাজার টাকা লুট করেছে বলে অভিযোগ উঠেছে। টাকা লুটের সময় ৫-৭ জনের দুর্বৃত্ত টিম দোকানটিতে ভাঙচুর চালায়।
এ ঘটনায় রবিবার (১২ জানুয়ারি) দুপুরে বিকাশের দোকানের মালিক ভুক্তভোগী ব্যবসায়ী কাইয়ুম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সরিষা ইউনিয়নের ভাদাটি আনন্দ বাজারের কাইয়ুম টেলিকমে ওই টাকা লুট হয়।
দোকানে হামলাকারীরা হলেনÑ সরিষা ইউনিয়নের ভাদাটি গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুর রশিদ ওরফে মনু, আব্দুল কুদ্দুস, আব্দুল মালেক এবং আব্দুর রশিদের ছেলে সেলিম, মৃত হাছেন আলীর ছেলে সবুজ মিয়া ওরফে সবু মেস্তুরি।
ঘটনার রাতেই ভাদাটি আনন্দ বাজারের কাইয়ুম টেলিকমে গেলে দেখা যায়, দোকানের আসবাবপত্র ভাঙচুর অবস্থায় রয়েছে। ৫, ১০ ও ২০ টাকার কিছু নোটসহ ক্যাশবক্স মেঝেতে পড়ে আছে। পিটুনির ফলে ব্যবসায়ী কাইয়ুমের পরনের কাপড় ছেঁড়া ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন। এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় মকবুল হোসেন বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত কাইয়ুমের দোকানে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ও কাইয়ুমকে মারধর শুরু করে। আমি তাদের ফেরাতে গেলে তারা আমাকেও এলোপাতাড়ি মারধর করে।’ ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, ‘শনিবার মাগরিবের নামাজের পর আমি কাইয়ুম টেলিকমে বিকাশ থেকে টাকা উঠাতে আসি। এ সময় হঠাৎ একদল লোক এসে দোকান ভাঙচুর ও কাইয়ুমকে মারধর করে এবং টাকা ওঠানোর জন্য নিয়ে আসা আমার হাতে থাকা বাটন মোবাইলটি নিয়ে চলে যায়।’
এলাকার জুয়েল মিয়া নামে একজন বলেন, ‘জমি বন্ধকের ২ লাখ ৩৫ হাজার টাকা কাইয়ুমের দোকানে রেখে আমি মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ পড়ে এসে দেখি হামলাকারীরা দোকান ভাঙচুর করে আমার টাকাগুলোও নিয়ে গেছে। আঠারোবাড়ি বাজারে কাপড়ের ব্যবসা করেন আনোয়ার। তিনি তার এক ভাতিজাকে দিয়ে ব্যবসার মাল কেনা বাবদ ১ লাখ টাকা পাঠান কাইয়ুমের দোকানে রাখতে। সেই টাকাও নিয়ে গেছে অভিযুক্তরা।’
কী কারণে এ ঘটনা ঘটেছেÑ এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগী কাইয়ুম বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে শনিবার সন্ধ্যার পর আমার দোকানে আব্দুর রশিদ, কুদ্দুস মিয়া, আব্দুল মালেকসহ ৫ থেকে ৭ জন হামলা-ভাঙচুর করে দোকানে থাকা ১০ লাখ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। আমাকে বেধড়ক মারধর করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’