আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ২১:০৮ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ২১:৪৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। এই আয়োজনের পেছনে রয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তর। রবিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নুরুল্লাহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, টেলিভিশন ক্লাবের সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, কৃষক শুয়েব বারী প্রমুখ।
মেলায় কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি, নানা রকম ফুল, বিভিন্ন পদ্ধতিতে সবজি ও ধান চাষাবাদ প্রভৃতি প্রদর্শন করা হয়। বক্তারা উপজেলায় চাষাবাদে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এ ছাড়া কৃষি উৎপাদনের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। মেলায় রয়েছে আচারের সমাহার।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, আধুনিকভাবে চাষাবাদ করতে সরকার সব ধরনের সহায়তা করে যাচ্ছে। সুস্থভাবে বাঁচতে হলে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। এজন্য কৃষিতে বিষমুক্ত উৎপাদনের কথা ভাবতে হবে।
এই মেলায় ২০টি স্টলে আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারসহ নিরাপদ ও বিষমুক্ত কৃষি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অতিথিরা কৃষি প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক হান্নান খাদেম, নাসির উদ্দিন, জুটন বণিক, সাদ্দাম প্রমুখ।