× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াকৈরে স্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন যুবদল নেতা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ১৮:০৪ পিএম

আহত স্কুল শিক্ষক মোহাম্মদ বশির মিয়া। প্রবা ফটো

আহত স্কুল শিক্ষক মোহাম্মদ বশির মিয়া। প্রবা ফটো

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলের ভেতরে ঢুকে এক শিক্ষককে পিটিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। এ সময় ওই শিক্ষককে উদ্ধার করতে গিয়ে যুবদলের এক নেতাও মারধরের শিকার হয়েছেন।

রবিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে এই ঘটনা ঘটে।

গাজীপুর জেলা যুবদলের যগ্ম-আহবায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতরা হলেন- কালিয়াকৈর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক ও উপজেলার কালিয়াদহ এলাকার ইছাক উদ্দিনের ছেলে মোহাম্মদ বশির মিয়া এবং জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও আটাবহ ইউনিয়ন যুবদলের নেতা রেজভী আহম্মেদ রাজীব।

এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট কিছু লোক কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে যায়। সেখানে গিয়ে তারা নানা অভিযোগ তুলে ওই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ বশির মিয়াকে পদত্যাগপত্রে জোরপূর্বক স্বাক্ষর করায়। ওই সময় তারা তাকে হুমকি দিয়ে স্কুল থেকে বের করে দেয়। পরের দিন ১৫ আগস্ট ওই শিক্ষক কালিয়াকৈর থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন। 

গত ১৮ আগস্ট স্কুলে যান ওই শিক্ষক। এ ঘটনায় একটি তদন্ত কমিটি হলে ওই শিক্ষকের পক্ষে একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হয়। ওই প্রতিবেদনটি সন্তোষজনক না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পুনঃতদন্তের জন্য আবেদন করেন গাজীপুর জেলা যুবদলের যগ্ম-আহবায়ক রাশেদুল ইসলাম রনিসহ সাতজনের একটি দল। 

গত ১ জানুয়ারি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানকে প্রধান করে অপর একটি পুনঃতদন্ত কমিটি করা হয়। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে যুবদল নেতা রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে কয়েকজন লোক ওই স্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ঢুকে। পরে তারা ওই সহকারী শিক্ষককে টেনেহেচড়ে বাইরে বের করে রড এবং লাঠিসোটা দিয়ে মারধর করে। এ সময় ওই শিক্ষকের সাবেক ছাত্র ও যুবদল নেতা রাজীব উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত যুবদল নেতা রাজীব। প্রবা ফটো

এ বিষয়ে জানতে অভিযুক্ত গাজীপুর জেলা যুবদলের যগ্ম-আহবায়ক রাশেদুল ইসলাম রনির মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

এ ঘটনায় নিন্দা জানিয়ে গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় সঠিক ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা কঠোর কর্মসূচী গ্রহণ করব।

আহত শিক্ষক মোহাম্মদ বশির মিয়া বলেন, গত ১৪ আগস্টের পর তারা স্কুলে না আসার জন্য বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। জোর করে একটা কাগজে স্বাক্ষর নিয়ে স্কুল থেকে বের করে দিয়েছিল। এরপর আবারও নিয়মিত স্কুলে যাওয়া শুরু করলে আজকে স্কুলে ঢুকে আমার ওপর হামলা করে। এ সময় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। আমাকে বাঁচাতে গেলে আমার সাবেক ছাত্র রাজীবকেও তারা মারধর করে।

ওই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস জানান, ওই শিক্ষকের বিষয়ে তদন্ত চলমান থাকা অবস্থায় তার ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। ওরা আমাকেও বকাঝকা হুমকি দিয়েছে। আমিও আতঙ্কে আছি। সুষ্ঠ তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। 

এ ব্যাপারে গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর মোল্লা জানান, বিষয়টি শুনেছি। কিন্তু এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগের কথা শুনেছি। তবে গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা