মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১৮:০৭ পিএম
ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুই নৌযানের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। শনিবার (১১ জানুয়ারি) নদীর কালীপুরা ঘাট সংলগ্ন এলাকায় মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মোহাম্মদ আলী ব্যাপারীর ছেলে ওদুদ ব্যাপারী, মুন্সীগঞ্জ উপজেলার চরঝাপটা রমজানবেগ গ্রামের বাচ্চু সরকারের ছেলে বাবুল সরকার, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবিক এবং একই এলাকার নাঈম। তারা সবাই মেঘনায় বালুমহাল পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন।
পুলিশ জানায়, অন্ধকার এবং কুয়াশার কারণে স্পিডবোটটি নদীতে অপর নৌযানটিকে দেখতে না পাওয়ার কারণে দুটি নৌযানের সংঘর্ষ হয়েছে। স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায়। সংবাদ পেয়ে নৌপুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, রাত পৌনে দশটার দিকে তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজন মৃত ছিলেন। আবদুল হালীম নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, একটি স্পিডবোট ছিল এটা নিশ্চিত হওয়া গেছে। অপর যানটি কেউ বলছে বাল্কহেড কেউ বলছে ট্রলার ছিল। আবার কেউ বলছে দুটোই স্পিডবোট ছিল। বিষয়টি তদন্ত করে পরে জানা যাবে।
গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.মাহাবুব আলম বলেন, ধারণা করা হচ্ছে রাতে কুয়াশার কারণে ওই দুটি নৌযান চলাচলের সময় একটি আরেকটিকে দেখতে পায়নি। এ কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে ওই দুটি নৌযান রাতে এখানে কি করছিল বা কোথা থেকে এসেছে- বিস্তারিত জানা যায়নি। এইসব বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।
নারায়নগঞ্জের বিআইডব্লিউটিএর উদ্ধারকারী ইউনিট প্রত্যয়ের কমান্ডার ও বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. ওবায়দুল করিম খান বলেন, শুক্রবার রাতে আমরা শুনেছিলাম বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে তবে ঘটনাস্থলে আসার পরে আমরা নিশ্চিত হয়েছি স্পিডবোটের সঙ্গে একটি ইঞ্জিনচালিত ট্রলারের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় ট্রলারটি তলিয়ে যায় এবং স্পিডবোটটি ক্ষতিগ্রস্ত হয়।