খাগড়াছড়ি সংবাদদাতা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১১:৪৬ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৩:৫৬ পিএম
বাবা শাহজাহানের সঙ্গে মেয়ে সুমাইয়া বিনতে শ্রাবন্তি। প্রবা ফটো
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বাবা মেয়ের একসঙ্গে এসএসসি পাস করেছেন। এ নিয়ে তাদের এলাকায় চলছে ব্যাপক উদ্দীপনা। বাবা শাহজাহান ও মেয়ে সুমাইয়া বিনতে শাহজাহান এবার মাধ্যমিক পরীক্ষা দেন। তাদের বাড়ি উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর গ্রামে।
গত সোমবার (২৮ নভেম্বর) এসএসসির ফলাফল প্রকাশের পর মঙ্গলবার বিষয়টি এলাকার মানুষ জানতে পারেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শাহজাহান পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। তিনি ২০০১ সালে এসএসসি পরীক্ষায় একটি বিষয় ফেল করেন। এরপর সংসারের চাপে পরে আর পরীক্ষা দেওয়া হয়নি। শাহজাহান এলাকার দুই বড় ভাইয়ের পরামর্শে ২০২০ সালে ফের পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করেন।
তিনি জানান, অভাবের সংসারে তার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে। বড় মেয়ে সুমাইয়া বিনতে শাহজাহান (শ্রাবন্তি) এবার এসএসসি পরীক্ষায় উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৪.৬১ পেয়ে পাস করেছে। একইসঙ্গে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আওতাধীন পানছড়ি বাজার উচ্চবিদ্যালয় থেকে জিপিএ ৩.০৯ পেয়ে পাস করেছেন। তার তিন ছেলের মধ্যে অভি সপ্তম শ্রেণি, আমিন দ্বিতীয় শ্রেণি ও আলিম প্রথম শ্রেণিতে পড়াশুনা করছে।
সোমবার এসএসসির ফল প্রকাশ হলেও বাবা-মেয়ের একসঙ্গে পাসের বিষয়টি এলাকায় জানাজানি হয়নি। এরপর মঙ্গলবার বাবা-মেয়ে পাসের খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকে মিষ্টি নিয়ে তাদের অভিনন্দন জানাতে আসেন।
এ বিষয়ে মেয়ে সুমাইয়া বিনতে শাহজাহান শ্রাবন্তি বলেন, 'আমার বাবা অনেক পরিশ্রম করেন আমাদের জন্য। বাবা আমার আদর্শ। আমাকে যেমন লেখাপড়ার জন্য অনুপ্রাণিত করেছে তেমনি তিনি নিজেও পরীক্ষা দিয়ে পাস করেছেন। বর্তমান সময়ে অভিজ্ঞতার পাশাপাশি সার্টিফিকেটও থাকতে হয়। আমি ও আমাদের পরিবারের সবাই বাবার এই সফলতায় আনন্দিত।'
শাহজাহান মিয়া বলেন, 'আমি ছোটবেলায় সংসারের অভাব অনটনে জীবন জীবিকার তাগিদে এসএসসি পরীক্ষা দিতে পারি নাই। নানা পেশায় জীবিকা নির্বাহ করতে গিয়ে এক সময় ভূমি পরিমাপ শিখি। অন্যের ভূমি মেপে হিসাব করে দেওয়ার জন্য প্রায়ই ডাক পড়ে। সার্টিফিকেট হলে ভূমি মাপার আমিন প্রশিক্ষণ নিতে পারবো। তাই এসএসসি পরীক্ষা দিয়েছি। আগামীতে আমিনশিপ পরীক্ষা দেবো আশা করছি।'
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হাসেম জানান, বাবা-মেয়ের এসএসসি পাসের খবরে তাদের অভিনন্দন জানাতে গেছি। প্রকৃতপক্ষে শিক্ষার কোনো বয়স নাই। শাহজাহান একজন পরিশ্রমী মানুষ। আমি তাদের সফলতা কামনা করছি।