অনুসন্ধানী সাংবাদিকতা
চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২২:৩৪ পিএম
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের কাছ থেকে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার-২০২৪ গ্রহণ করছেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিবেদক মনিরুজ্জামান বাবলু। প্রবা ফটো
অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন প্রতিদিনের বাংলাদেশ চাঁদপুর প্রতিবেদকসহ ছয় সাংবাদিক। চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রথমবারের মতো এই সম্মননার আয়োজন করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুসন্ধানী সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জন বিজয়ী সাংবাদিককে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য মোহাম্মদ হাবীব উল্যাহ, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য প্রতিদিনের বাংলাদেশ-এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের জন্য এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তালহা জুবায়ের ও চ্যানেল টোয়ান্টিফোর-এর জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকার ধারাবাহিক প্রতিবেদনের জন্য মুহাম্মদ আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এম ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, সাংবাদিকদের উৎসাহিত করার জন্য চাঁদপুর প্রেসক্লাবের এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
তিনি বলেন, যারা অন্যায় করে, তারা সাংবাদিকদের ভয় পায়। আর যারা অন্যায় করে না তারা ভয় পায় না।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীসহ আরও অনেকে।
প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় অতিথিবৃন্দ।
যেই প্রতিবেদনে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন মনিরুজ্জামান বাবলু
গেল বছরের ২৭ মে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার শেষ পাতায় ‘দেশে ফিরতে চান ওরা ১৩ জন, কনটেইনারে লুকিয়ে কষ্টে বেঁচে আছেন কিরগিজস্তানে’ প্রতিবেদনটি প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি চাঁদপুর প্রেসক্লাবের আয়োজিত অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে সাংবাদিকতা পুরস্কার-২০২৪ জাতীয় পত্রিকার ক্যাটাগরিতে মনোনীত হন।
মনিরুজ্জামান বাবলু বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার চাঁদপুর জেলার প্রতিনিধিত্ব করছেন। পাশাপাশি স্থানীয় দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টল পপুলার বিডিনিউজের এডিটর হিসেবে কাজ করছেন।
অনুভূতি প্রকাশে তিনি প্রথমবারের মতো এমন আয়োজন করায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করেন। এই পুরস্কার আগামীতে প্রতিবেদন তৈরিতে আরো অনুপ্রাণিত করবে বলে জানান তিন।