কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২০:০১ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ২০:১৮ পিএম
অপহরণ চক্রের হোতাসহ ৬ সদস্য গ্রেপ্তার। প্রবা ফটো
ঢাকার কেরানীগঞ্জে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত বেকারি শ্রমিক আলালকে উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় অপহরণ চক্রের হোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজেন্দ্রপুরে র্যাব-১০-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- সৈকত সরকার, শিহাব রহমান সিন, মো. সজিব, মোসাম্মৎ কুলসুম, মো. রাসেল ও মো. মেহেদী হাসান।
র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার তানভীর আহমেদ শিথিল সংবাদ সম্মেলনে বলেন, ‘রাজধানী শ্যামপুর থানার জুরাইন এলাকার বেকারি শ্রমিক মো. আলাল মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন অপহরণ চক্রের সদস্য কুলসুম। গত ৬ জানুয়ারি বিকালে আলাল মিয়াকে ঘুরে বেড়ানোর কথা বলে কেরানীগঞ্জের গদারবাগে নিয়ে ঘরে আটকে রাখেন তিনি। সেদিন রাতেই আলালের মাকে ফোন দিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন চক্রের সদস্যরা।’
তিনি বলেন, ‘অপহরণকারীরা আলাল মিয়াকে বিভিন্নভাবে নির্যাতনের ভিডিও ধারণ করে সেগুলো তার পরিবারের কাছে পাঠান। তাকে উদ্ধারের জন্য পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে অপহরণ চক্রকে ২০ লাখ পাঠান। এতেও আলাল মিয়াকে অপহরণকারীরা না ছাড়ায় পরিবারের লোকজন কেরানীগঞ্জ মডেল থানা ও র্যাব-১০-এ অভিযোগ করেন।’
কোম্পানি কমান্ডার তানভীর আহমেদ শিথিল আরও বলেন, ‘অভিযোগের সূত্র ধরে র্যাব-১০-এর একটি দল বুধবার গভীর রাতে গদারবাগের একটি নির্মাণাধীন চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাট থেকে অপহৃত আলালকে উদ্ধার করে। এ সময় অপহরণ চক্রের নারী সদস্য কুলসুমসহ সহযোগীদের গ্রেপ্তার করা হয়। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।’