মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৪:০৯ পিএম
কটিয়াদী থানা। প্রবা ফটো
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের পিটুনিতে ইয়াসিন মিয়া (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।
ক্লোজড পুলিশ সদস্যরা হলেন- কটিয়াদী মডেল থানার এসআই মো. কামাল হোসেন, এএসআই মো. নাহিদ হাসান, এএসআই মো. মস্তুফা মিয়া ও কনস্টেবল মো. আশরাফুল ইসলাম।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার ফেকামারা এলাকার চিহ্নিত মাদক কারবারি লিটন মিয়ার বাড়িতে পুলিশের চার সদস্যের একটি দল অভিযান চালানোর সময় বাড়িতে থাকা সবাই দৌড়ে পালিয়ে যায়। ওই বাড়িতে থাকা সিএনজিচালিত অটোরিকশার চালক ইয়াসিন মিয়া দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে একজন ম্যাজিস্ট্রেটের সামনে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন জানান, অভিযানে অংশ নেওয়া এসআইসহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে ফেরত আনা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনার পরপরই নিহত ইয়াছিনের স্ত্রী ও পরিবারের লোকজন ইয়াছিনকে ঘটনাস্থলেই পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তোলেন অভিযানে অংশগ্রহণ করা চার পুলিশ সদস্যের বিরুদ্ধে।