সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৬:০০ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১৬:০৩ পিএম
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে একটি ট্রাক। প্রবা ফটো
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনের ধাক্কায় সারবোঝাই একটি ট্রাক দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ ৩ জন আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন চট্টগ্রামগামী ট্রেনটির যাত্রীরা। আজ বুধবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার তালুকদার বাড়ি মোড় এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুয়াপুর-তারাকান্দি-সরিষাবাড়ী সড়কে দীর্ঘ ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।
আহতরা হলেন- ট্রেনের লোকোমাস্টার সামছুল হক, ট্রাক চালক মজনু মিয়া ও তার সহযোগী কবির হোসেন। গুরুতর আহত দুজনকে ভুয়াপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভূয়াপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ের সময় একটি সারবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটিকে প্রায় দুইশ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে ট্রাক তিন টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায়। তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে কেউ না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী ট্রেন আসছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রায় ৫ ঘণ্টা পর ট্রেনটিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আনা হয়। এরপর থেকে ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।’