পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪৬ পিএম
পাবনার আদালতে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক এমপি শামসুল হক টুকুকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা টুকুর বিচারের দাবিতে স্লোগান দেয়।
চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনের একটি মামলায় সোমবার (৬ জানুয়ারি) বিকালে শামসুল হক টুককে আদালতে তোলা হয়। কোর্ট ইন্সপেক্টর রাশিদুল ইসলাম জানান, পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মুস্তাফিজুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক ডেপুটি স্পিকারকে কারাগার থেকে আদালতে তোলা হয়। এর মধ্যেও আদালতে তোলা ও বের হওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার গাড়ির ওপর জুতা ও ডিম নিক্ষেপ করে এবং টুকুর বিচারের দাবিতে নানা স্লোগান দেয়। গাড়িতে ওঠার সময় শামসুল হক টুকু জানান, তিনি খুব ভালো আছেন এবং পাবনাবাসী ভালো থাকুক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম বলেন, এই মামলাটি ভিত্তিহীন ও মিথ্যা মামলা, যার কোনো সত্যতা নেই। শুধু হয়রানি করার জন্য অসত্য ঘটনাকে কেন্দ্র করে মামলা করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার অন্যতম সমন্বয়ক বরকউল্লাহ ফাহাদ বলেন, ‘সে (টুকু) কী করে বলতে পারে সে খুব ভালো আছে? তার চেহারা দেখে মনে হচ্ছে সে শ্বশুরবাড়িতে আছে! সে একজন ফ্যাসিবাদের শীর্ষ কর্তা ও খুনি। জেলের মধ্যেও তার মতো খুনিরা এ রকম আরাম-আয়েশে দিন কাটাচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তাদের মতো খুনিদের হাতে হাতকড়া ও পায়ে ডান্ডাবেড়ি পরানো উচিত ছিল। আমরা এইসব খুনির দ্রুত বিচারের দাবি করি এবং সেটা ফাঁসি কার্যকরের মাধ্যমে হতে হবে।’