সিলেট ব্যুরো
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ২১:০৬ পিএম
চায়ের দেশ সিলেটে বছর ঘুরে ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে হাফ ম্যারাথন। আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এবারের আয়োজনে ১ হাজার ২০০ দৌড়বিদ অংশ নেবেন। এদের মধ্যে অনেক বিদেশি ও নারী আছেন।
এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথন-২০২২।’ সিলেট রানার্স কমিউনিটির উদ্যোগে আয়োজিত মিনি ম্যারাথনে চায়ের শহরের সৌন্দর্য্যরে পাশাপাশি বিশ্ব ঐতিহ্যের অংশ বাংলাদেশের শীতলপাটিকে থিম করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে নগরীর পুলিশ লাইন এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।
এবারের আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে দেশের অন্যতম চেইনশপ ইউনিমার্ট।
এ ছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করছে।
সিলেট রানার্স কমিউনিটির এডমিন মনজুর আহমেদ আরিফ, সৈয়দ ফজলুর রহিম সোহাম, মো. হাসান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
হাফ ম্যারাথনের বিস্তারিত তুলে ধরে মনজুর আহমেদ আরিফ বলেন, আগের বছরগুলোর মত এবারো সিলেট রানার্স কমিউনিটি সিলেট হাফ ম্যারাথনের আয়োজন করতে যাচ্ছে। আগামী ২ ডিসেম্বর ভোর ৬টায় হাফ ম্যারাথন শুরু হবে।
তিনি বলেন, গত বছরের মত এবারও ১ হাজার ২০০ জন দৌড়বিদকে নিয়ে ২১ দশমিক ১ কিলোমিটার ও ১০ কিলোমিটার দুই ক্যাটাগরিতে ইভেন্টটির আয়োজন করা হয়েছে। ২১ দশমিক ১ কিলোমিটার ৪০ জন নারী ও ৩০০ জন পুরুষ অংশ নিচ্ছেন।
এ ছাড়া ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ৭২ জন নারী ও ৭৯০ জন পুরুষ দৌড়বিদ অংশ নিচ্ছেন।
নগরীর সুরমা নদীর তীরবর্তী সিলেট সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, এয়ারপোর্ট রোড-বাইশটিলা গিয়ে ইউ টার্ন নিয়ে এসে নগরীর উপকন্ঠ লাক্কাতুরায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হবে।
আয়োজকরা জানান, ইভেন্টে তাদের নিজস্ব ২০০ জন ভলান্টিয়ার কাজ করবেন; যারা রোড সেফটির পাশাপাশি ফার্স্ট এইড সাপোর্ট প্রদান করবেন।
সমাপনী অনুষ্ঠানের সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, তরুণ সমাজকে মাদক ও খারাপ দিক থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই প্রতি বছর ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সমাজের সকল শ্রেণির মানুষকে দৌড়ের প্রতি আকৃষ্ট করছি। এই ধরণের আয়োজনে একেকটা জায়গায় দেশের বিভিন্ন প্রান্তের দৌড়বিদরা আসেন, যা দেশের পর্যটন শিল্পেও ব্যাপক ভূমিকা রাখে।
২০১৭ সালের ১৬ নভেম্বর সিলেট রানার্স কমিউনিটির যাত্রা শুরুর পর ২০১৯ সালের সিলেট মিনি ম্যারাথন আয়োজন করে। এবারের পঞ্চম বারের মত মিনি ম্যারাথনের আয়োজন করছেন তারা।