লালপুর (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ২১:৫২ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ২১:৫৬ পিএম
নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নাটোরের লালপুরে আওয়ামী লীগ ও ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেনÑ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ, তার নাতি জয়, জিয়াদ ও ছাত্রদলকর্মী সাগর। আহতদের মধ্যে জিয়াদকে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগকর্মী জয় তার ফেসবুকে একটি পোস্ট দেন। এ ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ওই ছাত্রলীগকর্মীকে মারধর করে। পরে জয়ের স্বজনরা একত্র হয়ে সুইটকে ধাওয়া দেয়। পরে সুইট তার নেতাকর্মীদের একত্র করে রঘুনাথপুরে আওয়ামী লীগ সমর্থকের তিন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় তাদের মারধরে পাঁচজন আহত হয়।
লালপুর থানার ওসি নূরুজ্জামান বলেন, ফেসবুকে পোস্ট নিয়ে ঘটনার সূত্রপাত। ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি একটি বাড়ি ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।